১২দিনে প্রাণ গেল ৫ জনের

১২দিনে প্রাণ গেল ৫ জনের

স্ফুলিঙ্গ ডেক্স : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১২ দিনে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৫টি শিশু প্রাণ হারাল। বর্তমানে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত দুই শিশুর একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নুরুন্নবী (৬ মাস)। সে শনিবার বিকেলে ভর্তির পর রাতেই মারা যায়। অন্যজন ময়মনসিংহ সদর উপজেলার চরগোবদিয়া গ্রামের ৭ মাস বয়সী শিশু লিয়ন। সে শুক্রবার ভর্তির পর শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

ফাইল ছবি

রোববার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, হাসপাতালে বর্তমানে ৬৬ জন শিশু হাম নিয়ে ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। রোগীর চাপ সামাল দিতে গত ২৪ মার্চ তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করেছে কর্তৃপক্ষ। বর্তমানে শিশু ওয়ার্ডের তিনটি কক্ষে ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যার ইউনিটে চিকিৎসা চলছে। তবে রোগীর তুলনায় শয্যা সংখ্যা অত্যন্ত অপ্রতুল।

হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা জানান, আক্রান্ত শিশুরা মূলত তীব্র জ্বর ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় এটি দ্রুত ছড়াচ্ছে এবং শিশুদের ফুসফুস ও মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *