স্ফুলিঙ্গ ডেক্স : ২৪ মার্চ ২০২৬


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘরে ঢুকে স্বামী ও ঘুমন্ত শিশুকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার যাত্রামুড়া এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, সোমবার ভোরের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করে। তারা গৃহবধূর মুখ চেপে ধরে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এসময় তার স্বামী বাধা দিতে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পাষণ্ডরা হুমকি দেয় যে, তাদের অবাধ্য হলে স্বামী ও পাশে ঘুমিয়ে থাকা শিশুসন্তানকে মেরে ফেলা হবে।
এক পর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। যাওয়ার সময় তারা পরিবারের ব্যবহারের দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর রাত ১০টার দিকে যাত্রামুড়া বৌবাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— যাত্রামুড়া এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খান (৪৫) ও একই এলাকার আব্বাস মিয়া (৪০)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান,খবর পাওয়া মাত্রই আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামি। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এই ঘৃণ্য অপরাধে জড়িত বাকিদের শনাক্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবির সংগৃহীত।


