শ্বশুরবাড়িতে ঈদ করা হলো না মোস্তাফিজুরের

শ্বশুরবাড়িতে ঈদ করা হলো না মোস্তাফিজুরের

স্ফুলিঙ্গ ডেক্স : ২১ মার্চ ২০২৬

​পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে ভোলার শ্বশুরবাড়িতে আসছিলেন মো. মোস্তাফিজুর (৪৫)। কিন্তু লঞ্চযাত্রায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া বিষাক্ত পানীয় কেড়ে নিল তার প্রাণ। শুক্রবার (২০ মার্চ) অচেতন হওয়ার একদিন পর আজ শনিবার (২১ মার্চ) ঈদের সকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত মোস্তাফিজুর কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ঈদ করতে আসছিলেন।

​নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে লঞ্চে ওঠেন মোস্তাফিজুর। পথিমধ্যে কয়েকজন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে সখ্য গড়ে তোলে এবং একপর্যায়ে তাকে পানি পান করতে দেয়। সেই পানি পান করার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, এই সুযোগে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

​শুক্রবার রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম জানান, মোস্তাফিজুরকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আজ সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর বিষক্রিয়ার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভোলা সদর মডেল থানার এসআই সমিরণ মন্ডল জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে উচ্চমাত্রার চেতনানাশক বা বিষজাতীয় কিছু খাওয়ানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রতীকী ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *