না ফেরার দেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

না ফেরার দেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

স্ফুলিঙ্গ ডেক্স : দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। প্রখ্যাত অভিনেতা এবং রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘদিন ধরে টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্রে দাপটের সাথে কাজ করেছেন।

শামস সুমনের অভিনয়ের হাতেখড়ি মূলত আবৃত্তির মাধ্যমে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর একজন সক্রিয় সদস্য ছিলেন। সেখান থেকেই তিনি নিজেকে একজন তুখোড় অভিনেতা হিসেবে গড়ে তোলেন। পরবর্তী সময়ে ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।

মঞ্চ ও টিভির পাশাপাশি চলচ্চিত্রেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ‘জয়যাত্রা’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘মন জানেনা মনের ঠিকানা’ এবং ‘আয়না কাহিনী’র মতো উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সাম্প্রতিক সময়ে তাকে অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’তে। সেখানে তিনি স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *