পানির নিচে কালীগঞ্জের একমাত্র অডিটোরিয়াম

পানির নিচে কালীগঞ্জের একমাত্র অডিটোরিয়াম

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একমাত্র বড় অডিটোরিয়ামটি দীর্ঘ ছয় মাস ধরে কার্যত অচল হয়ে পড়েছে। মেঝে ফুঁড়ে অবিরাম পানি ওঠায় নষ্ট হয়ে যাচ্ছে হলরুমের ফ্লোর, সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। অথচ সমস্যার সমাধানে কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে সংশ্লিষ্ট দুই দপ্তর-জেলা পরিষদ ও পৌরসভা-পরস্পরের ওপর দায় চাপাচ্ছে।
জেলা পরিষদের অধীনে পরিচালিত এই অডিটোরিয়ামটি বর্তমানে ব্যবহার অনুপযোগী। মেঝেতে জমে থাকা পানিতে ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নষ্ট সিলিং ফ্যান, টিনের ছিদ্র ও অপরিচ্ছন্ন ওয়াশরুম পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। ফলে বিয়ে, সভা-সমাবেশসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন ভাড়াটিয়ারা।
স্থানীয় সূত্রে জানা যায়, অডিটোরিয়ামের পাশেই থাকা পৌরসভার পানি সরবরাহ পাম্পের একটি পাইপ ফেটে দীর্ঘদিন ধরে পানি প্রবেশ করছে হলরুমে। পাম্পচালক নুর ইসলাম জানান, প্রায় ৬-৭ মাস ধরে এমন অবস্থা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে সমাধানের জন্য জেলা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও প্রকৌশলী কবির হাসান বলেন, “সমস্যার মূল কারণ আমাদের পানি সরবরাহ লাইনের পাইপ। তবে অডিটোরিয়ামটি জেলা পরিষদের অধীনে হওয়ায় সংস্কারের দায়িত্ব তাদের। বিষয়টি জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, পাইপটি পৌরসভার হলেও অডিটোরিয়ামের সার্বিক ব্যবস্থাপনা জেলা পরিষদের। দ্রুত সমাধানের জন্য তাদের আবারও তাগিদ দেওয়া হবে।
তবে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ভিন্নমত পোষণ করে বলেন, অডিটোরিয়াম আমাদের অধীনে হলেও সমস্যার মূল কারণ পৌরসভার পাইপলাইন। তারা পাইপ মেরামত না করে দায় আমাদের ওপর চাপাচ্ছে। ক্ষতির দায়ও তাদেরই।
দুই দপ্তরের এমন দায় এড়ানোর প্রবণতায় দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নেতা শফিউদ্দিন জানান, সম্প্রতি তার ভাতিজার বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে। মেঝে দিয়ে পানি উঠছিল, ফ্লোর ভেসে যাচ্ছিল। কাপড় ও পর্দা দিয়ে ঢেকে কোনোভাবে অনুষ্ঠান শেষ করতে হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, কালীগঞ্জে বড় কোনো বিকল্প অডিটোরিয়াম না থাকায় এটি তাদের একমাত্র ভরসা। তাই দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে অডিটোরিয়ামটি পুনরায় ব্যবহারযোগ্য করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দ্রুত সমাধান প্রত্যাশা করছেন এলাকাবাসী। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *