স্ফুলিঙ্গ ডেক্স: গণপিটুনিতে এক ছিনতাইকারী(২৬) নিহত হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এলাকায়। তবে নিহতর পরিচয় এখনো পাওয়া যায়নি।
আজ সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় ছিনতাইয়ের চেষ্টার সময় ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা এসময় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে নিহত তরুণ ছিনতাইকারীর সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩জন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীর গতিরোধ করে তাঁর মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পথচারীর চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়।এসময় ছিনতাইকারী দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে। উত্তেজিত জনগন তাঁকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উত্তেজিত জনগন এরপর ছিনতাইকারীদের ব্যবহৃত মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। নিহত তরুণের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অন্য দুই ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।
