স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ও দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে। সেখানে এক ইজিবাইক উল্টে মহিতোষ মণ্ডল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নওয়াপাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে রওনা হন মহিতোষ। পথিমধ্যে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে গেলে তিনি এর নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক জাহিদুর রহমান ইজিবাইকটি নিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, মনিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (আনুমানিক মানসিকভাবে ভারসাম্যহীন) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি যশোর-মনিরামপুর সড়কের পাশে হাঁটার সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাঁকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।
সংবাদ পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

