স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে বসতবাড়ির রান্নাঘর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘উইনসেরেক্স’ WINCEREX Syrup সিরাপসহ মোছাঃ শারমিনা খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শার্শা থানাধীন অগ্রভূলট এলাকায় এই চোখ ধাঁধানো অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত শারমিনা খাতুন ওই এলাকার নবিউল ইসলামের স্ত্রী ও নাসির উদ্দীনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, অগ্রভূলট দক্ষিণপাড়া এলাকায় জনৈক নবিউল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সেখানে হানা দেয়। চতুরতার সঙ্গে রান্নাঘরে মাদক লুকিয়ে রাখা হয়েছে টের পেয়ে মহিলা পুলিশের সহায়তায় সেখানে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে রান্নাঘরের ভেতর থেকেই উদ্ধার করা হয় জব্দ তালিকাভুক্ত ১৫ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স’ সিরাপ এবং হাতেনাতে গ্রেপ্তার করা হয় আসামি শারমিনা খাতুনকে।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী আসামিকে বুধবার (২৯ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ছবি সংগৃহীত।


