স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিনগত রাতে ও সকালে জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ ও পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থানপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ভাড়াটিয়া মো. স্বাধীন হোসেনের (২৩) শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তাঁর পরনের ট্রাউজারের পকেট থেকে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, থানা পুলিশের একটি চৌকস দল শহরের মুড়লী মোড় শাহী জামে মসজিদ সংলগ্ন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে মোছেব আলী (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করে। এসআই (নি.) তামিম রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোছেবের কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝাউদিয়া পূর্বপাড়া এলাকায় রাতে একটি অভিযান পরিচালনা করেন। ক্যাম্পের এসআই (নি.) মো. আব্দুর রউফের নেতৃত্বে পরিচালিত অভিযানে আবির হোসেন (২০) নামে এক যুবককে ১১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানান, তিনি যশোর শহরের বাদিয়াটোলা এলাকার এক ব্যক্তির কাছ থেকে বিক্রির উদ্দেশে এসব ইয়াবা সংগ্রহ করেছিলেন।
আটককৃত সকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

