স্ফুলিঙ্গ রিপোর্ট :
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্যায্য ও অসম বাণিজ্য চুক্তি বাতিল, দেশের কৌশলগত ও গুরুত্বপূর্ণ বন্দরসমূহ বিদেশি বা বেসরকারি খাতে ইজারা দেওয়ার ষড়যন্ত্র বন্ধ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যা ও জোরপূর্বক ‘পুশ-ইন’ থামানোর দাবিতে রাজপথে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল ৫টায় যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যাগে এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পার্টির নেতৃবৃন্দ সরকারের একাধিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করে নিম্নলিখিত সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেন:
-
রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-কারখানা কনসেশনের নামে বেসরকারি মালিকানায় হস্তান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা।
-
জাতীয় বাজেটের নামে সাধারণ মেহনতি মানুষের ঘাড়ে অযৌক্তিক করের বোঝা চাপানো বন্ধ করা।
-
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অবমূল্যায়ন রোধ।
-
দেশের দ্রুত অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
সিপিবি যশোর জেলা কমিটির জ্যেষ্ঠ নেতা কমরেড গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মফিজুর রহমান নান্নুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি রাশেদ খান,জেলা কৃষক সমিতি ও সিপিবি নেতা কমরেড আব্দুর রহিম,আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু ও মন্টু ফকিরসহ স্থানীয় শীর্ষ প্রগতিশীল নেতৃবৃন্দ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় প্রত্যাশার আলো দেখা গেলেও বর্তমান সরকার জনগণের স্বার্থকে তোয়াক্কা না করে বিদেশি প্রভাব ও ব্যক্তিস্বার্থের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিকিয়ে দিচ্ছে।
অন্যদিকে দেশের মূলধারার বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে তাঁরা বলেন, বিরোধী দলগুলো নীতিনিষ্ঠ আন্দোলন গড়ে তোলার পরিবর্তে চরম আপসকামিতা ও নানা বিতর্কে জড়িয়ে জনগণের ট্রাস্ট ও আস্থা হারিয়েছে। এই সংকটময় মুহূর্তে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় বামপন্থী ও দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।


