‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’-যশোরে ঘোপ গ্রামে যুব সমাজের হুঙ্কার ও র‍্যালি

‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’-যশোরে ঘোপ গ্রামে যুব সমাজের হুঙ্কার ও র‍্যালি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে মাদকের আগ্রাসন রুখতে এবং সামাজিক প্রতিরোধ জোরদার করার প্রত্যয়ে আয়োজিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে ঘোপ গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে স্থানীয় যুবসমাজ ও সুশীল সমাজ একজোট হয়ে ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ স্লোগানে গ্রামটিকে সম্পূর্ণ মাদকমুক্ত করার সম্মিলিত ঘোষণা দেয়।

মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। গ্রামের বিভিন্ন স্পটে মাদকের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ নানাবিধ সামাজিক অপরাধ বাড়ছে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়— ঘোপ গ্রামকে মাদকমুক্ত রাখতে কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে বিন্দুমাত্র ছাড় বা সামাজিক প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা বাবু ও মো. কালাম মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাঈদ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর লস্কর, ঘোপ উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. সালমান, হাফেজ মো. আবুজার, সুমন মাস্টার, হাফেজ জাহিদ, ইকবাল হোসেন, বুলবুল আহমেদ এবং আনিসুর রহমান (আনিস) সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গ্রামের প্রধান প্রধান পথ প্রদক্ষিণ করে সচেতনতামূলক স্লোগান দেয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *