স্ফুলিঙ্গ ডেক্স :
তথ্য-প্রমাণ ছাড়া পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেছেন, ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই (ফ্যাসিস্ট) বানিয়ে দেন! মামলায় কাকে গ্রেপ্তার করব, সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি।’
গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর এক অভিযোগের জবাবে অত্যন্ত ক্ষুব্ধ ও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুলিশ সুপার। এরই মধ্যে পুলিশ সুপার ও ছাত্রদল নেতার এই তপ্ত বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
জানা গেছে, জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ করে অভিযোগ তোলেন, ‘আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না, আমরা তথ্য দিলেও পুলিশ গ্রেপ্তার করছে না।’ এই বক্তব্যের জবাবে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি সাফ জানিয়ে দেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত এবং এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। নিজের ছাত্রজীবনের রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে এসেছি।’
অনুষ্ঠানে পুলিশ বাহিনীর বর্তমান নড়বড়ে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপট তুলে ধরে এসপি বলেন, কথা বলার আগে বাস্তব পরিস্থিতি জানা দরকার। গত ৫ আগস্টের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন দেশের কোথাও পুলিশ ছিল না। সেই ভঙ্গুর অবস্থা থেকে পুলিশ আবার রাতদিন পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়েছে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিগত ১৭ বছরে পদ্ধতিগতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারকে দেশ পুনর্গঠনের জন্য সময় দিতে হবে। একটি সরকারের বয়স মাত্র চার মাস, তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। একটি শিশুরও স্বাভাবিকভাবে খাওয়া শিখতে ৯-১০ মাস সময় লেগে যায়। বিচারহীনতার অভিযোগ খণ্ডন করে তিনি আরও বলেন, ‘বিচার হয় না— এ কথা মোটেই ঠিক নয়। বিভিন্ন আলোচিত মামলায় বিচারক রায় দিয়েছেন, অনেকের ফাঁসির আদেশ হয়েছে এবং অনেকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এখনও চলমান।’ তিনি নিজেই অনেককে গ্রেপ্তার করেছেন এবং সুনির্দিষ্ট অভিযোগপত্র দিয়েছেন বলে সভায় জানান।
এ বিষয়ে গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হন লাকসাম উপজেলার জিসান নামে এক যুবক। তাঁর বৃদ্ধ বাবা বাবুল সর্দার জেলা প্রশাসক কার্যালয়ে এসে এলাকায় আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করে কান্না করছিলেন। মিঠু বলেন, “আমি জুলাই যোদ্ধা হয়ে তখন চুপ থাকব তা কি হয়? আমি কথা বলেছি জুলাই যোদ্ধাদের অধিকার নিয়ে, একজন শহীদের বাবাকে রক্ষা করা নিয়ে। এর বেশি কিছু নয়।”
অন্যদিকে, নিজের দেওয়া বক্তব্যের বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “অনুষ্ঠানটি ছিল জুলাই শহীদ দিবসের আলোচনা সভা। তবে ওই ছাত্রদল নেতা যে শহীদ (জিসান) পরিবারকে হুমকি দেওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন, মূল ঘটনাটি ঘটেছিল ঢাকায়। তাই তথ্য-উপাত্ত ও এক্তিয়ার ছাড়া স্থানীয় পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না করার জন্য আমি আহ্বান জানিয়েছি।”
উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।


