স্ফুলিঙ্গ রিপোর্ট :
“কুরআন পড়ি, জীবন গড়ি”—এই মহান ও তাৎপর্যপূর্ণ স্লোগানকে সামনে রেখে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির নিয়মিত সামাজিক, সেবামূলক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে আজ রবিবার (১২ জুলাই ২০২৬) রাতে এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়।
আজ রাত ৮টায় প্রেসক্লাব যশোরের তৃতীয় তলার কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ আলোচকগণ সমাজের সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতা রোধে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। সঠিক ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই মানুষ যেকোনো অন্যায়-অবিচার, দুর্নীতি ও অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়। নতুন প্রজন্মের মাঝে কুরআনের বাণী ছড়িয়ে দিতে পারলে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং একটি সুন্দর ও শান্তিময় সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারবে।”
অনুষ্ঠানে সাতক্ষীরা কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট জি.এম. মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতির দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সদস্য সিরাজুল ইসলাম, রায়হান কবীর, ডা. আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম এবং মুক্তাদির রহমানসহ সাতক্ষীরা কল্যাণ সমিতির সর্বস্তরের সদস্য ও স্থানীয় সুধীজন।
মহতী এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা, সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। ছবি সংগৃহীত।


