স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে বাচ্চু বিশ্বাস (২৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ বর্বরোচিত হামলার ঘটনায় আজ যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আহত ব্যবসায়ীর মা সেলিনা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—রাসেল হোসেন, রায়হান, আল আমিন ও মফিজুর রহমান।
মামলার বিবরণী ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই ২০২৬ তারিখে ক্ষিতিবদিয়া বাজারে একটি বন্ধ চায়ের দোকানের সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মুদি ব্যবসায়ী বাচ্চু বিশ্বাসের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে সশরীরে থানায় উপস্থিত হয়ে তিনি এই মামলাটি দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেন।
মামলার এজাহারে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে ক্ষিতিবদিয়া এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সচেতন নাগরিক হিসেবে বাচ্চু বিশ্বাস এলাকায় এই মাদক সিন্ডিকেটের অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও বাধা প্রদান করেন। এতে ক্ষুব্ধ হয়ে এবং তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই আসামিরা পূর্বপরিকল্পিতভাবে এই প্রাণঘাতী হামলা চালিয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, মাদক ব্যবসার জেরে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ প্রশাসন জানায়, আসামিদের গ্রেপ্তারে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে এবং এলাকায় মাদক কারবারিদের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ছবি সংগৃহীত।

