স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ডেঙ্গু পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (৮ জুলাই ২০২৬) জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে যশোরের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ভর্তি আছেন। তবে জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ১৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৬২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। এ ছাড়া গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে রেফার করা হয়েছে। বছরের এই সময় পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।


