বাবার মামলায় থানা হাজতে গিয়ে যুবকের আত্মহত্যা

বাবার মামলায় থানা হাজতে গিয়ে যুবকের আত্মহত্যা

স্ফুলিঙ্গ ডেক্স :

কিশোরগঞ্জের নিকলীতে বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থানা হাজতে রুবেল মিয়া (২২) নামের এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ থানা হাজতের গ্রিল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে নিকলী থানা হাজত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বাসিন্দা এবং তার বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, একমাত্র ছেলে হওয়ায় রুবেল পরিবারের অত্যন্ত আদরের ছিলেন। তবে অল্প বয়সেই তিনি মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে ছেলেকে মাদক থেকে ফিরিয়ে আনতে ও সংশোধন করতে তার বাবা নিজেই বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তিন মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে রুবেল আবারও মাদকের জগতে ফিরে যান। মাদক সেবনের টাকার জন্য তিনি প্রায়শই পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ ও মানসিক নির্যাতন করতেন। অতিষ্ঠ হয়ে আজ বৃহস্পতিবার সকালে তার বাবা নিজেই পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে জানান, “পুলিশ রুবেলকে থানায় নিয়ে যাওয়ার পর আমি নিজেই তার জন্য খাবার ও জামাকাপড় নিয়ে গিয়েছিলাম। থানায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথেই খবর পাই রুবেল আত্মহত্যা করেছে।”

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে বাবার করা মামলায় বিজ্ঞ আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখে। এর কিছুক্ষণ পরই রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকাল ১০টার দিকে তাকে আদালতে পাঠানোর উদ্দেশ্যে বের করার জন্য পুলিশ হাজতখানায় গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *