যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদান শেষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির ফুল দিয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া ১৯৫২ থেকে ২০২৪ সালের সব বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে একটি নিমগাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে যবিপ্রবিতে ‘সবার আগে যবিপ্রবি’ ধারণা বাস্তবায়নে কাজ করবেন। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে ২০২৪ সালের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সেই ঋণ শোধে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে যবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করে দীর্ঘ কর্মজীবনে বিভাগীয় প্রধান, ডিন, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *