স্ফুলিঙ্গ ডেক্স :
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য মাদকবিরোধী মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা কার্যালয়ের সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুন্না বিশ্বাস। স্বাগত বক্তব্য এবং মাদকবিরোধী বিশেষ তথ্যচিত্র বা প্রেজেন্টেশন উপস্থাপন করেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব পারভীন আখতার। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোরের সিনিয়র শিক্ষক জনাব মো. পারভেজ হোসেনের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুজন সরকার।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে পূর্বে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ বা সার্টিফিকেট এবং মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

