স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশের যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ ২৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার দিনভর এই সফল সীমান্ত অভিযানগুলো পরিচালনা করা হয়। ৪৯ বিজিবি’র অধীনস্থ বিশেষ টহলদলসহ ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালান বিরোধী ঝটিকা অভিযানগুলো চালান। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা ভারতীয় ১২ কেজি গাঁজা, ১৮টি শাড়ী, ৫টি থ্রী-পিস, ১টি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল ফোন, ৫৬টি চকলেট এবং ৩০৭টি বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী হাতেনাতে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত ও আটককৃত এসব অবৈধ মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য মোট ৭,০৭,৭৮০/- (সাত লক্ষ সাত হাজার সাতশত আশি) টাকা। আটককৃত মালামাল এবং গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সীমান্তে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
