অধ্যাপক নার্গিস বেগমের হাত ধরে চিকিৎসাসেবার সূচনা

অধ্যাপক নার্গিস বেগমের হাত ধরে চিকিৎসাসেবার সূচনা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত, দরিদ্র এবং সাধারণ মানুষের দোড়গোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশাল ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প (বিনামূল্যে চিকিৎসাসেবা) অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ লায়ন্স চক্ষু অ্যান্ড ডায়াবেটিক হাসপাতাল, যশোর-এর বিশেষ ও মানবিক আয়োজনে আজ ২০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহতী কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, “সুস্থ সবল জনগোষ্ঠীই হলো একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের মূল চালিকাশক্তি। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে উন্নত চোখের চিকিৎসা এবং ডায়াবেটিক পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই কপোতাক্ষ লায়ন্স হাসপাতাল এই চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ ও সংস্থাকে এভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত।” তিনি কপোতাক্ষ লায়ন্স চক্ষু অ্যান্ড ডায়াবেটিক হাসপাতালের এই মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে রামনগরসহ পুরো যশোর জেলায় এমন আরও জনহিতকর কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্যাম্প পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল থেকেই সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রামনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েকশত চক্ষু ও ডায়াবেটিস আক্রান্ত সাধারণ রোগীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পে কপোতাক্ষ লায়ন্স চক্ষু অ্যান্ড ডায়াবেটিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্লুকোজ (ডায়াবেটিস) পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সাধারণ রোগের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় জরুরি ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেন। এছাড়া যেসকল রোগীর চোখের জটিল ছানি ধরা পড়েছে, তাদের পরবর্তীতে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কপোতাক্ষ লায়ন্স চক্ষু অ্যান্ড ডায়াবেটিক হাসপাতাল যশোর-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ, স্থানীয় রামনগর ইউনিয়নের সমাজসেবক এবং উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী এই মানবিক ক্যাম্প সফলভাবে সম্পন্ন হওয়ায় কপোতাক্ষ লায়ন্স হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ উপকারভোগী মানুষ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *