স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শংকরপুর এলাকায় মধ্যরাতে এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ রাহাত হোসেন (৩০) নামের এক চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের শংকরপুর কলেজ রোড এলাকার হোসেন মোল্লার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। ধৃত রাহাত শহরের কাজীপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি চৌকস দল জানতে পারে যে, এক যুবক নাশকতামূলক কর্মকাণ্ড বা ছিনতাইয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শংকরপুর কলেজ রোড এলাকায় অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাহাত পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
গ্রেপ্তারকৃত রাহাতের কাছ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি হাসুয়া এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত চারটি লোহার পাত উদ্ধার করা হয়।
জানা গেছে, রাহাত দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো এবং ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। রাহাতের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ইতিপূর্বেও অস্ত্র আইন ও ছিনতাইসহ অন্তত চারটি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত রাহাতের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শহরের নিরাপত্তা নিশ্চিতে ডিবি পুলিশের এমন নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

