স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ বোতল আমদানিন নিষিদ্ধ ভারতীয় ‘এসকাফ’ (ESKUF Cough Syrup) নামক মাদকসহ এক পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে যশোর জেলার চৌগাছা থানাধীন সিংহঝুলি মাঠপাড়া গ্রাম এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. আব্দুর রাজ্জাক (৫০)। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলি (মাঠপাড়া) গ্রামের মৃত ওমর আলী খাঁর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রকি মণ্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে চৌগাছা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সূত্রে খবর আসে, সিংহঝুলি মাঠপাড়া গ্রামের ইমন হোসেনের মুদি দোকানের সামনে মল্লিকবাড়ী টু ঝিকরগাছাগামী পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ভারতীয় অবৈধ মাদকের চালান হাতবদল করার উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখুঁত কৌশল অবলম্বন করে মো. আব্দুর রাজ্জাককে অবরুদ্ধ করে ফেলে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৫ বোতল আমদানিন নিষিদ্ধ তীব্র নেশাজাতীয় ভারতীয় ‘ESKUF’ কাশির সিরাপ উদ্ধার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত অঞ্চল থেকে অবৈধভাবে এই ভারতীয় মাদক এনে চৌগাছাসহ যশোরের বিভিন্ন এলাকায় যুবসমাজের কাছে চড়া দামে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন আকস্মিক ও কঠোর অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও সংস্থাটি নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

