স্ফুলিঙ্গ ডেক্স : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ ও ড্রোন পরিচালনার কৌশল শেখানোর অভিযোগে একজন মার্কিন নাগরিক ও ছয়জন ইউক্রেনীয়কে গ্রেপ্তার করেছে ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ (NIA)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (UAPA) মামলা করা হয়েছে। দিল্লির একটি বিশেষ আদালত তাদের ১১ দিনের রিমান্ডে পাঠিয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক এবং ছয় ইউক্রেনীয় নাগরিক পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করে মিজোরামের সংরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মিয়ানমারে যাতায়াত করতেন। অভিযোগ রয়েছে, তারা মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী এবং ভারতের কিছু নিষিদ্ধ সশস্ত্র সংগঠনকে ড্রোন চালানো ও আধুনিক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এমনকি ইউরোপ থেকে আনা বিপুল পরিমাণ ড্রোনও তাদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহী সংগঠনগুলোর যোগাযোগ থাকায় এই বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতের এনআইএ জানিয়েছে, এই চক্রটি মূলত ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে কাজ করছিল। মার্কিন দূতাবাস এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতির ওপর নজর রাখছে বলে নিশ্চিত করেছে। এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা জানিয়েছেন, সম্প্রতি অনেক বিদেশি পর্যটনের নামে রাজ্যে ঢুকে গোপনে মিয়ানমার সীমান্তে যাতায়াত করছেন, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা ছবি-সংগৃহীত


