শার্শায় অনলাইন  ক্যাসিনো সিন্ডিকেট!

শার্শায় অনলাইন ক্যাসিনো সিন্ডিকেট!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় অবৈধ অনলাইন বেটিং ও ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রুনা পারভীন নামের এক নারী জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। অভিযানকালে তাঁর কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও একাধিক সচল সিম কার্ডসহ দুটি আধুনিক স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গত রবিবার (১৯ জুলাই ২০২৬) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের কন্যা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে স্মার্টফোনের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন সাইটে অনলাইন জুয়া ও বেটিং ব্যবসা পরিচালনা করে আসছিল— এমন সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সাইবার টিম সাতমাইল মোড়লপাড়া গ্রামের দেলবার মণ্ডলের বসতবাড়িতে আকস্মিক হানা দেয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য পুরুষ সদস্যরা সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে হাতেনাতে রুনা পারভীনকে আটক করা হয়।

ডিবি পুলিশের সাইবার সেলের কর্মকর্তারা জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিজিটাল অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে যুক্ত থেকে অনলাইন জুয়া ও অর্থ লেনদেন পরিচালনার কথা পুলিশের কাছে অবলীলায় স্বীকার করেছেন।

এই ডিজিটাল অপরাধের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বাদী হয়ে জুয়া আইন ও ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সংশ্লিষ্ট ধারায় শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আজ সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে কড়া পুলিশি পাহারায় গ্রেফতারকৃত রুনা পারভীনকে যশোর আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এই চক্রের সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে ডিবির সাইবার সেলের অভিযান অব্যাহত রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *