স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের শংকরপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাবুল (২৯) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর ৭ নং ওয়ার্ডের চোপদার পাড়া পানির টাংকি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত বাবুল শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার এনামুলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাবুল শংকরপুর পানির টাংকি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, বাবুলের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
হামলার কারণ হিসেবে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা পূর্ব শত্রুতার কথা উল্লেখ করেছেন। তবে ঠিক কী নিয়ে এই বিরোধ, তা এখনো বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।ছবি সংগৃহীত।


