স্ফুলিঙ্গ রিপোর্ট :
সমাজের মূল ধারার বাইরে থাকা অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য ফল উৎসবের আয়োজন করেছে যশোরের অন্যতম সামাজিক সংগঠন ‘স্বপ্নতরী যশোর’। সংগঠনের নিয়মিত বার্ষিক জনকল্যাণমুখী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (১৭ জুন) দিনব্যাপী শহরের খালধার রোডের বরফ কল মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সুধীজনরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং তাদের মায়েদের হাতে থরে থরে সাজানো বিভিন্ন জাতের তাজা মৌসুমি ফল তুলে দেন।
সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ফল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও সমাজকর্মী এ কে এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেন বিশিষ্ট সুধীজন এ কে এম এটিএম আবুল বাশার সাইফুদ্দৌলা, মো. জাহিদুর রহমান, এনামুল আহসান এবং নারী নেত্রী নাসরিন আক্তার।
ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু ও আনারসসহ দেশীয় নান পদের রসালো ফলের সমাহার ঘটানো হয়, যা দেখে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এক অনাবিল আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। ফল বিতরণকালে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক যত্ন, ভালোবাসা ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পারলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।” বক্তারা এই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত ভিটামিনযুক্ত ও পুষ্টিকর খাদ্যের অপরিহার্য গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন এবং রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সকল স্তরের মানুষকে মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিশেষ শিশুদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন স্বপ্নতরী যশোরের সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার মুন্নি, কার্যকরী সদস্য আফ্রিদ আহমেদ, ওয়াজিফা ইয়াসমিন মিম, মামুন রনি ও নওশীন আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সুচারুভাবে সঞ্চালনা করেন স্বপ্নতরী যশোরের সম্মানিত উপদেষ্টা নুরুল আরিফিন। অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

