মাগুরা প্রতিনিধি:
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মোটরসাইকেল চোর চক্রের তৎপরতা রুখতে এক বিশেষ অভিযানে নেমে বড় সাফল্য অর্জন করেছে মাগুরা জেলা পুলিশ। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তারসহ মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সফল অভিযানের বিস্তারিত অগ্রগতি তুলে ধরতে রবিবার (৩১ মে, ২০২৬) বিকেল ৩টায় মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক জনাকীর্ণ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাগুরার পুলিশ সুপার মো. আজাদ হোসেন পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবার প্রত্যক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় মাগুরা সদর থানার একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ দল গত রাতে সদর উপজেলার বেঙ্গা এলাকার লক্ষীকান্দর গ্রামে এক ঝটিকা অভিযান চালায়। সেখানে স্থানীয় রাশিদুল ইসলাম রিংকুর মুরগির ফার্মে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ জেলার অন্য একটি স্থান থেকে আরও ১টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।
সাঁড়াশি এই অভিযানে পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুর্ধর্ষ সদস্য মো. পলাশ (৩৬) কে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত পলাশ মাগুরা শহরের মীর পাড়া এলাকার সাহেব আলীর পুত্র। পুলিশ জানায়, মাগুরা জেলা পুলিশ এই চক্রের প্রধান হোতাদের ধরতে দীর্ঘ নজরদারি চালাচ্ছিল, যার ধারাবাহিকতায় চলতি অভিযানে এখন পর্যন্ত এই চক্রের ১ সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, এই আন্তঃজেলা চক্রের সদস্যরা অত্যন্ত সুসংগঠিত। তারা বিভিন্ন জেলায় একাধিক গ্রুপে বিভক্ত হয়ে মোটরসাইকেল চুরি করা, নকল কাগজপত্র ও ভুয়া নম্বর প্লেট তৈরি করা, চোরাই বাইকের ক্রেতা সংগ্রহ এবং তা কম দামে বাজারজাত করার কাজ অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত পলাশের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে এই সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারে জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও জানান, শুধু মোটরসাইকেল চুরিই নয়, বরং গত দুই মাসে মাগুরা জেলা পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই কঠোর ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের ফলেই গত দুই মাসে সমগ্র মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও ব্যাপক উন্নতি লক্ষ করা যাচ্ছে। মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানানো হয়েছে যে, সাধারণ জনগণের জানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একই সাথে জেলা থেকে অপরাধ নির্মূলে সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতাও কামনা করেছে পুলিশ প্রশাসন। এই গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।


