বেনাপোল প্রতিনিধি :
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ৩৬ অবৈধ অনুপ্রবেশকারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ভারতের চেন্নাইয়ের কেন্দ্রীয় কারাগারে দুই বছর কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরল। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদেরকে হস্তান্তর করা হয়।
দেশে ফেরত আসারা হলেন, ৩৬ জনই পুরুষ। এদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এর মধ্যে বগুড়া জেলার বিভিন্ন এলাকার ২৫ জন এবং বাকি ১১ জন সাতক্ষীরা, চট্টগ্রাম, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে নিজ জিম্মায় ছেড়ে দেবেন বলে জানা গেছে।
জানা যায়, কর্মসংস্থানের জন্য তারা অবৈধ ভাবে দুই বছর আগে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ভারতের চেন্নাইয়ে গমন করে। সেখানে তারা ইটের ভাটায় ও কৃষকের কাজ করতেন। এক পর্যায়ে অবৈধভাবে বসবাস করার অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ভারতের চেন্নাই কেন্দ্রীয় জেলে দুই বছর কারাভোগ করার পর আজ দেশে ফিরে এসেছে। ছবি সংগৃহীত।

