স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা ও বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১১ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি আভিযানিক দল এই সফল অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১০,৪৭,৬৯০/- (দশ লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শত নব্বই) টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে কৌশলে পালিয়ে যায়।
পরে টহল দল উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি ভারতীয় উন্নত মানের শাড়ী, ০৬ কেজি জিরা, ১০৭ কেজি ফুসকা, ০৭ কেজি কিসমিস, ০৫ প্যাকেট সনপাপড়ী, ৭২টি বিবিধ খাদ্য সামগ্রী, ৩,৮৩৪টি চকলেট এবং ৮১১টি বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ছবি সংগৃহীত।


