স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল নোট এবং নোট তৈরির আধুনিক সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামের এক শীর্ষ জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেলে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।


গ্রেফতারকৃত দীন ইসলাম ঢালী কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন গ্রামের মহসিন ঢালীর পুত্র।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে র্যাবের একটি নিয়মিত টহল দল মাদারীপুর সদর থানা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালকিনির চরজগমোহন গ্রামের দীন ইসলাম ঢালীর বসতবাড়িতে একদল লোক জাল নোট ছাপানোর অবৈধ কারখানা গড়ে তুলেছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে র্যাবের দল বিকেল ৩টা ৫০ মিনিটে ওই বাড়িতে হানা দেয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাতনামা সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আভিযানিক দল ধাওয়া করে মূল হোতা দীন ইসলামকে ধরে ফেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত দীন ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জালিয়াতির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, বসতঘরের একটি ওয়্যারড্রবের ভেতর থেকে বিভিন্ন মানের সর্বমোট ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামি তার হেফাজতে টাকা তৈরির প্রিন্টার ও আনুষঙ্গিক কাঁচামাল থাকার কথা স্বীকার করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, একই এলাকার জনৈক আহমেদ ফিরোজ খানের বাড়ির ভাড়াটিয়া সুজন ঢালীর ঘর থেকে জাল টাকা তৈরির একটি কালো রঙের উন্নত মানের প্রিন্টার, ২টি এন্ট্রি কাটার, ২টি স্কেল, বিশেষ রং, ২টি চপিং বোর্ড, একটি ভিভো (VIVO) ব্র্যান্ডের স্মার্টফোন এবং জাল নোট তৈরির জন্য মজুত রাখা ‘Double A’ ব্র্যান্ডের এ৪ (A4) সাইজের প্রায় ৯৫০ পিস কাঁচামাল বা সাদা কাগজ জব্দ করা হয়।
র্যাব জানায়, ধৃত দীন ইসলাম ঢালী ও তার পলাতক সহযোগীরা দীর্ঘদিন ধরে এই জাল নোটগুলো সাধারণ মানুষের কাছে সরবরাহ ও বাজারজাত করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালকিনি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।


