স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দেওয়া বিশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াশ ব্লকের নির্মাণকাজ সম্পন্ন হলো।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে সুপেয় পানি ও সেনিটেশন সুবিধাসম্বলিত এই ওয়াশ ব্লকের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াশ ব্লকের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষ স্বৈরাচারী শাসনামলে বৈষম্য ও অধিকারহীনতার মধ্য দিয়ে দিন পার করেছে। রাজপথের রাজকীয় আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে জনকল্যাণমূলক প্রতিটি নির্বাচনী অঙ্গীকার ধাপে ধাপে পূরণ করে চলেছে। আজকের এই ওয়াশ ব্লক উদ্বোধন প্রতিমন্ত্রীর তেমনই একটি বাস্তবায়িত প্রতিশ্রুতি।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবকু এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল আলিম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত দুইজন সফল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। ছবি সংগৃহীত।

