স্ফুলিঙ্গ ডেক্স :
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রী মোছা. জায়েদা খাতুনকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী আবু সাঈদকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদের সঙ্গে পার্শ্ববর্তী দামচাইল এলাকার নোয়াব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে প্রতিপক্ষ নোয়াব মিয়াকে শায়েস্তা করতে ও তাঁকে আইনি মারপ্যাঁচে ফাঁসাতে নিজের স্ত্রীকে হত্যার নীল নকশা করেন আবু সাঈদ। পরিকল্পনা অনুযায়ী, সোমবার রাতে তিনি নিজ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ বাড়ির পাশের একটি জমির আইলে ফেলে রাখেন।
ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মঙ্গলবার সকালে আবু সাঈদ নিজেই সদর মডেল থানায় হাজির হন এবং প্রতিপক্ষ নোয়াব মিয়ার বিরুদ্ধে অভিযোগ দিতে চান। তবে অভিযোগ দেওয়ার সময় তাঁর কথাবার্তা ও আচরণ অসংলগ্ন মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে পুলিশ তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব-উর-রাজা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ঘুমের মধ্যেই তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

