স্ফুলিঙ্গ ডেক্স :
নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রাক সড়কের পাশের গভীর খালে উল্টে পড়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এই হৃদয়বিদারক ও ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮) এবং একই ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকালের দিকে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি মালবাহী ট্রাক দ্রুতগতিতে চারগাছের দিকে যাচ্ছিল। গাড়িটি মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকা অতিক্রম করার সময় চালক হঠাৎ করেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পড়ে সরাসরি রাস্তার পাশের একটি গভীর খালে উল্টে যায়।
দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে থাকা দুই কিশোর মাসুক ও আরশাদ গুরুতর আহত ও আটকা পড়েন। খালের পানি ও ট্রাকের নিচে চাপা পড়ায় তারা দীর্ঘক্ষণ ছটফট করতে থাকেন। বিকট শব্দ শুনে আসেপাশের স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে ছুটে আসেন। কিন্তু খালের পানি ও ভারী ট্রাকের নিচ থেকে তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই ওই দুই কিশোরের করুণ মৃত্যু হয়। দুই তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পাওয়ার পর কসবা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কসবা থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানায়, “সকাল সাড়ে ৭টার দিকে কসবায় একটি ট্রাক উল্টে খালে পড়ে দুই কিশোরের মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। চালকের অসতর্কতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ছবি সংগৃহীত।

