স্ফুলিঙ্গ ডেক্স :
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশে তেলের দাম অত্যন্ত সীমিত পরিসরে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সরকারের ওপর বিশাল অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। ইতোমধ্যে জ্বালানি আমদানিতে সরকারের অতিরিক্ত ২ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমানে যুদ্ধের আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবুও আমরা জনগণের ওপর সেই পুরো বোঝা চাপিয়ে দেইনি।”
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও উল্লেখ করেন যে, সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতেই অত্যন্ত সীমিত পরিসরে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে তিনি দাবি করেন। সরকারের লক্ষ্য হলো বাড়তি ব্যয়ের বড় অংশটি নিজে বহন করে জনগণের ওপর চাপের তীব্রতা কমানো।ছবি সংগৃহীত।

