স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ ও সফল মাদকবিরোধী অভিযানে জেলার চৌগাছা উপজেলা থেকে ৩০ বোতল অবৈধ ও নিষিদ্ধ ভারতীয় ‘এসকাফ’ (ESKUF) কফ সিরাপসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৬টার দিকে চৌগাছা থানাধীন ৫ নম্বর চৌগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘলসিংহ মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের জালে আটক হওয়া ওই মাদক কারবারির নাম মোঃ আশরাফুল ইসলাম (৬০)। তিনি চৌগাছা উপজেলার দিঘলসিংহ (মধ্যপাড়া) গ্রামের মৃত আঃ রশিদ মণ্ডল ও মৃত হামিদা বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের একটি চালান পাচারের উদ্দেশ্যে দিঘলসিংহ গ্রামে অবস্থান করছে—এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিকেল ১৮.৩০ ঘটিকার সময় দিঘলসিংহ মধ্যপাড়া গ্রামের জনৈক মোঃ আশরাফুল ইসলামের দক্ষিণমুখী বাড়ির পূর্ব পাশের বাহিরের গেটের সামনে অবস্থান নেন।
সেখানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির মালিক মোঃ আশরাফুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
ডিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত রুট ব্যবহার করে নিষিদ্ধ এই সিরাপ এনে যশোর ও আশপাশের এলাকায় খুচরা বিক্রি করে আসছিলেন।
এই মাদক উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট সুনির্দিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে কড়া পুলিশি পাহারায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে জেলা জুড়ে ডিবি পুলিশের এমন আকস্মিক ও কঠোর চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে।ছবি সংগৃহীত।


