স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের প্রথিতযশা ও নির্ভীক সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে। দীর্ঘ ২৬ বছর পেরিয়ে গেলেও এই বরেণ্য সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল থেকে সাংবাদিক নেতৃবৃন্দের কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনব্যাপী শোকাবহ কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ সকাল ১১টার সময় প্রেসক্লাব যশোরের নেতৃত্বে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে মরহুম শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একে একে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর (ইউজেজে), যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন ও রাতদিন নিউজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের বিদেহী আত্মার চির শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ শামছুর রহমানের হত্যাকারীদের আজ পর্যন্ত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে না পারায় তীব্র ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন:”বিগত স্বৈরাচারী সরকারের কাছে আমরা বারবার রাজপথে দাঁড়িয়ে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত সরকারগুলোর অনীহা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে আমরা কোনো প্রতিকার পাইনি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ঐতিহ্যবাহী সাংবাদিক শামছুর রহমান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
স্মরণসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম উদ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস প্রমুখ।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের মিলনায়তনেই যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) পক্ষ থেকে পৃথকভাবে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় যশোরের প্রবীণ ও নবীন সাংবাদিকরা উপস্থিত হয়ে শামছুর রহমান কেবলের নির্ভীক সাংবাদিকতার আদর্শকে বুকে ধারণ করে পেশাগত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।ছবি সংগৃহীত।

