৩৬ হাজার লিটার তেল জব্দ : ২ ব্যবসায়ীকে বড় জরিমানা

৩৬ হাজার লিটার তেল জব্দ : ২ ব্যবসায়ীকে বড় জরিমানা

 পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজার দর স্থিতিশীল রাখতে বরগুনার পাথরঘাটায় এক বিশাল অভিযান চালিয়েছে র‍্যাব-৮ ও জেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে ৩৬ হাজার ৭২০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালিয়ে জানতে পারেন, পাথরঘাটা থানার কাকচিড়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ তেল লুকিয়ে রেখেছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে অসাধু উপায়ে মজুত রাখা ৩৬ হাজার ৭২০ লিটার তেল উদ্ধার করা হয়। অবৈধ মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে পৃথকভাবে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত তেলগুলো সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের এই তাৎক্ষণিক তৎপরতাকে স্বাগত জানিয়েছেন পাথরঘাটার সাধারণ ক্রেতারা। র‍্যাব জানিয়েছে, বাজারে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমনে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সচেতন নাগরিকদের এই ধরণের মজুতদারদের তথ্য দিয়ে র‍্যাবকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *