বরিশাল ব্যুরো: বাজারে ভোজ্য তেলের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বরিশাল জেলার বানারীপাড়ায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাব-৮ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। রোববার (১৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ১০ হাজার ৭৬০ লিটার ভোজ্য তেল মজুদের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
র্যাব-৮, সদর কোম্পানি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল বানারীপাড়া থানা এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। এসময় দেখা যায়, দুটি প্রতিষ্ঠানের মালিক সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। এছাড়া তাদের প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্সও ছিল না।
অবৈধ মজুতদারি ও লাইসেন্স না থাকার অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, অসাধু মজুতদারদের কারণে বাজারে যাতে কোনো কৃত্রিম সংকট বা অস্থিরতা তৈরি না হয়, সেজন্য এই অভিযান চালানো হয়েছে।
র্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী ও চাঁদাবাজির পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুতদারদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনস্বার্থমূলক অভিযান চালিয়ে যাওয়া হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি সংগৃহীত।


