২৪ জনের বিরুদ্ধে মামলা  রাতভর অভিযানে  গ্রেফতার ৩

২৪ জনের বিরুদ্ধে মামলা রাতভর অভিযানে গ্রেফতার ৩

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহ জেলা শহরে ঝটিকা মিছিল করার অপরাধে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে বিশেষ অভিযান চালিয়ে ৩ কর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গত সোমবার (৮ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক ইউনিটের চিরুনি অভিযানে তারা গ্রেফতার হন।

গ্রেফতারকৃতরা হলো—ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ভোররাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী আকস্মিক একটি ঝটিকা মিছিল বের করে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সোমবার দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর সোমবার বিকেল থেকেই আসামিদের গ্রেফতারে জেলাজুড়ে বিশেষ অভিযানে নামে পুলিশ। রাতভর জেলার বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের ঝিনাইদহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ভোররাতে ঝটিকা মিছিল করে। বিষয়টি জানার পরপরই পুলিশ তৎপর হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।”

ওসি আরও জানান, মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলাজুড়ে জননিরাপত্তা রক্ষা করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমনে বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *