স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর অপরাধ জগতের এক আতঙ্কের নাম, ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র ও মাদকের কুখ্যাত গডফাদার ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে ‘অটো সজল’ (৩১)—এর অপরাধ সাম্রাজ্যের অবসান ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল সায়দাবাদ ও গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় গভীর রাত পর্যন্ত এক শ্বাসরুদ্ধকর ধারাবাহিক অভিযান পরিচালনা করে অটো সজলসহ তার তিন বিশ্বস্ত সহযোগীকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, তাজা বুলেট এবং ভয়াবহ মাদক হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত অপরাধী চক্রের অন্য সদস্যরা হলো— মো: বাপ্পী (২৮), মো: হানিফ (৪০) ও মোছা: শামসুন্নাহার (৪৫)।
যাত্রাবাড়ী থানা পুলিশ ও ডিএমপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ২ মার্চ সোমবার রাজধানীর ওয়ারী এলাকায় মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযান চলাকালীন ৩/৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সরকারি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায় এবং একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। ওই ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় ওয়ারী থানা পুলিশ প্রথমে তিনজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিরা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। তাদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত মূল অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের মোস্ট ওয়ান্টেড গডফাদার ‘অটো সজল’। এরপর থেকেই তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায়, গতকাল ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার রাত আনুমানিক ০৯:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল সায়দাবাদ এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে ১১টি বিভিন্ন অপরাধমূলক মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী অটো সজলকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর যাত্রাবাড়ী থানায় এনে সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, ওয়ারী বিভাগের গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি গোপন ভাড়া বাসায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকের বিশাল মজুত রয়েছে। সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ০৯:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা পুলিশ ওই স্বামীবাগের বাসায় দ্বিতীয় দফায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে। সেখান থেকে সজলের আরও তিন সহযোগীকে গ্রেফতার করার পাশাপাশি ঘর তল্লাশি করে ০২ টি বিদেশি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, ০৪ টি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম কেমিক্যাল ‘মেডি’, মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত এই দুর্ধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের রিমান্ডে এনে এই চক্রের সাথে জড়িত অন্যান্য গডফাদারদের আইনের আওতায় আনতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

