সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্য প্রজেক্টের বাসায় শিকার নিষিদ্ধ হরিণের মাংস রান্নার সময় অভিযান চালিয়েছে বনবিভাগ। অভিযানের খবর পেয়ে রান্না করা মাংস ফেলে পালিয়েছেন আয়োজকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রজেক্ট থেকে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান বাবুর মাছের প্রজেক্টে কিছু বহিরাগত শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁরা প্রায়ই সেখানে মাংস রান্না করতেন। মঙ্গলবার রাতে হরিণের মাংস রান্নার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে শ্রমিকরা রান্না করা মাংস রেখেই দৌড়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো জব্দ করেন।
মৎস্য প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, “আমার প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করার জন্য কিছু বহিরাগত শ্রমিক নিয়োজিত আছেন। তাঁরা নিজেরা বাজার করে খাওয়া-দাওয়া করেন। এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই।”
সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা (এসিএফ) মশিউর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।


