যশোর রূপদিয়া বাজারে ভুয়া ডিবি আটক!

যশোর রূপদিয়া বাজারে ভুয়া ডিবি আটক!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ব্যস্ততম রূপদিয়া বাজারে নিজেকে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিও চিকিৎসকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগে ইউসুফ আলী (৫০) নামের এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা তাকে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের হাতে সোপর্দ করে। আটককৃত ভুয়া ডিবি সদস্য ইউসুফ আলী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে ২০২৬ তারিখে রূপদিয়া বাজারে অবস্থিত ‘মা মেডিকেল হোমিও চেম্বার’-এ গিয়ে হাজির হন অভিযুক্ত ইউসুফ আলী। সেখানে তিনি নিজেকে ডিবি পুলিশের একজন সক্রিয় সদস্য দাবি করে চেম্বারের মালিক ও চিকিৎসক মাইনুল হাসানকে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জেরা করতে থাকেন। একপর্যায়ে তিনি মাইনুল হাসানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বড় মামলায় ফাঁসানোর ভয়াবহ হুমকি দেন।

ভুক্তভোগী মাইনুল হাসান জানান, তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে তিনি প্রথমে টাকা জোগাড়ের জন্য দুই ঘণ্টা সময় চেয়ে নেন এবং একপর্যায়ে ৬ হাজার টাকা দিতে রাজি হন। তবে সন্দেহ দানা বাঁধায় তিনি দ্রুতই এক শুভাকাঙ্ক্ষীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেই শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে মাইনুল নিশ্চিত হন যে, ইউসুফ আলী আসলে কোনো পুলিশ বা ডিবি কর্মকর্তা নন, বরং একজন পেশাদার প্রতারক। এরপর তিনি টাকা দিতে পরিষ্কারভাবে অস্বীকৃতি জানান।

টাকা না পেয়ে লম্পট ইউসুফ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ব্যক্তিগত মোবাইল থেকে বিভিন্ন সময়ে মাইনুল হাসানকে ফোন করে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী চিকিৎসক কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৫) নথিভুক্ত করেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ (মঙ্গলবার) অভিযুক্ত ইউসুফ আলী পুনরায় ওই হোমিও চেম্বারে এসে টাকার জন্য চাপ সৃষ্টি করলে মাইনুল হাসান কৌশল অবলম্বন করেন। তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। ভুয়া ডিবির খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা চারদিক থেকে এসে তাকে অবরুদ্ধ ও আটক করে।

খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতারক ইউসুফকে নিজেদের হেফাজতে নেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই ভন্ড ডিবি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও জালিয়াতির সুনির্দিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *