যশোর জেনারেল হাসপাতালে গর্ভবতী নারীর ৫ হাজার টাকা চুরি!

যশোর জেনারেল হাসপাতালে গর্ভবতী নারীর ৫ হাজার টাকা চুরি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে এসে পকেটমার ও পকেটমার চক্রের শিকার হয়েছেন এক গর্ভবতী নারী। হাসপাতালের ভেতরেই ভিড়ের সুযোগ নিয়ে ভ্যানিটি ব্যাগে থাকা চিকিৎসার জমানো ৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাত চোর।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ব্লাড ব্যাংক ও ইসিজি কক্ষের সামনের জনাকীর্ণ করিডোরে এই চুরির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পারভীনা (২৫) যশোর সদর উপজেলার মালিয়াট গ্রামের আব্দুস সালামের কন্যা। তিনি প্রসূতি ও গাইনি বিভাগের বহির্বিভাগে ডাক্তার দেখাতে হাসপাতালে এসেছিলেন।

বহির্বিভাগের ১১৩ নম্বর কক্ষে চিকিৎসককে দেখানোর পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য লেবার ওয়ার্ডের দিকে যাওয়ার পথেই চোরচক্রের পাল্লায় পড়েন তিনি। ইসিজি বিভাগের ভিড়ের মধ্যে সুযোগ বুঝে কৌশলে তাঁর হাতব্যাগের চেইন খুলে ভেতরে থাকা চিকিৎসার জমানো ৫ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতকারীরা। পরবর্তীতে ওষুধ ও পরীক্ষার টাকা দিতে গিয়ে ব্যাগ খুললে চুরির বিষয়টি টের পান তিনি এবং বুকফাটা কান্নায় ভেঙে পড়েন।

কান্নাকাটি শুনে টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এলেও তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত বা খোয়া যাওয়া টাকা উদ্ধার সম্ভব হয়নি। ভুক্তভোগী পারভীনা আকুতি জানিয়ে বলেন, অনেক কষ্টে চিকিৎসার খরচ বাবদ এই সম্বলটুকু জোগাড় করে তিনি হাসপাতালে এসেছিলেন।

এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত কয়েক দিন ধরে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ চোর ও দালালচক্রের উৎপাত জ্যামিতিক হারে বেড়েছে। এতে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় মানুষ প্রতিনিয়ত প্রতারণা ও চুরির শিকার হচ্ছেন।

হাসপাতাল চত্বরে রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান টহল ও কার্যকর নজরদারি বাড়াতে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সুশীল সমাজ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *