স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলায় দৈনিক ‘খবরের কাগজ’-এর বেনাপোল প্রতিনিধি নজরুল ইসলামের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার ডাংগী গ্রামে নিজ বাড়ির সামনেই এ হামলার শিকার হন তিনি। গুরুতর রক্তাক্ত ও আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নজরুল ইসলাম অভিযোগ করে জানান, এলাকার একটি কথিত চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী চক্রের বিরুদ্ধে তিনি বেশ কিছুদিন ধরে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। এরই জেরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে ওই চক্রের সদস্যরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ইট ও ভারী বস্তু দিয়ে আঘাত করলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নজরুলের ওপর এমন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠানের শীর্ষ নেতারা। তাঁরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। ছবি সংগৃহীত।

