স্ফুলিঙ্গ রিপোর্ট :
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনগুলো।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাতীয় যুবশক্তি’ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক “জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা” থেকে এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল এ দেশের মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক লড়াই। আন্দোলন করতে গিয়ে যাঁরা জীবন উৎসর্গ করেছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে। অবিলম্বে শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় স্বীকৃতি, কল্যাণ নিশ্চিতকরণ এবং আহতদের সুচিকিৎসা ও টেকসই পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।
আলোচকেরা আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন সুসংহত করতেই এ ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটেছিল। সেই চেতনাকে বাস্তবে রূপ দিতে তরুণ প্রজন্মকে দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক খান মিফতাহুল অমিতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী মো. ইমদাদ হোসেন, সদস্য সচিব ফারহীন আহমেদ, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. আলাউদ্দীন, সাজিদ সরোয়ার, আশা লতা এবং সামিউল আসিজসহ এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ফাইল ছবি সংগৃহীত।


