স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কাজী মেহেদী হাসান রিয়াদ নামের এক যুবককে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আটক রিয়াদ বর্তমানে দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। গতকাল রোববার (৫ জুলাই) দিবাগত মধ্যরাতে যশোর সদরের কাজীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সোমবার দুপুরে তাঁকে যশোর আমলি আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক রিয়াদ কাজীপুর গ্রামের মুসা কাজীর ছেলে।
কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, কাজী মেহেদী হাসান রিয়াদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে ব্যাপক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া, সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ হওয়ার পরও তিনি গোপনে দলের পক্ষে বিভিন্ন কর্মসূচি ও তৎপরতা চালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।
আটকের আইনগত ভিত্তি ও মামলার বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অমৃত লাল দাস গণমাধ্যমকে জানান, গত ২০২৫ সালের ২৯ অক্টোবর যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় অবস্থিত ‘আইএনবি ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের অঙ্গসংগঠন যুবলীগের ব্যানার তৈরি, মুদ্রণ ও সরবরাহের সময় পুলিশ হাতেনাতে কয়েকজনকে আটক করেছিল। ওই রাষ্ট্রবিরোধী ও বেআইনি তৎপরতার ঘটনায় কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্তে ওই ব্যানার তৈরি ও নাশকতামূলক পরিকল্পনার সাথে কাজী মেহেদী হাসান রিয়াদের সরাসরি সম্পৃক্ততা ও অর্থায়নের তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতেই তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো গোপন তৎপরতার বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ফাইল ছবি সংগৃহীত।


