স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, দেশের সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া রাষ্ট্রের সার্বিক টেকসই উন্নয়ন একার পক্ষে কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। সেজন্য দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের সকল উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণের সরাসরি সম্পৃক্ততা ও জবাবদিহিতা অত্যন্ত জরুরি। আজ সোমবার (৬ জুলাই) সকালে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে’ ক্লাবের আধুনিকায়নে ব্যক্তিগত তহবিল থেকে দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রদানকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে স্বাস্থ্য খাতের একটি বড় সুখবর তুলে ধরে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, দেশের ১৬৪টি থানার মধ্যে উপজেলা পর্যায়ে দেশের নবম হাসপাতাল হিসেবে খুব শীঘ্রই চৌগাছায় ১০০ শয্যার আধুনিক হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চৌগাছা হাসপাতালটিই ১০০ শয্যার উন্নত অবকাঠামো হিসেবে দেশব্যাপী প্রথম উদ্বোধন করা হবে। তিনি অতীতে এই হাসপাতালের অনন্য সফলতার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে বলেন, চৌগাছা হাসপাতালটি অতীতে সমগ্ৰ বাংলাদেশে উপজেলা পর্যায়ে একটি অনন্য ‘মডেল হাসপাতাল’ হিসেবে স্বীকৃত ছিল। একসময় এখানে যে পরিমাণ স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) এবং সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হতো, তার মোট পরিমাণ জেলা সদর হাসপাতালের চেয়েও অনেক বেশি ছিল।
তিনি আরও উল্লেখ করেন, চৌগাছা হাসপাতালের চিকিৎসা সেবার সেই সোনালী ও ঐতিহাসিক গৌরব আবারও ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এই লক্ষ্যে ইতিমধ্যেই হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা ও তদারকিতে স্থানীয় সচেতন কমিউনিটি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে। যেকোনো ভুলভ্রান্তি ও অনিয়ম ধরিয়ে দিয়ে স্বাস্থ্য খাতসহ এলাকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক অংশীদারিত্ব নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ আনুষ্ঠানিকভাবে এসি দুটি প্রেসক্লাব কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এ সময় এমপির সাথে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, এমপির পিএস ইয়াসিন হোসেন এবং এপিএস মেহেদী হাসান প্রমুখ।
অন্যদিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে এসি গ্রহণ করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুলসহ অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে বিশেষ ভূমিকা রাখায় এবং এসি প্রদানে সহযোগিতা করায় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও উপস্থিত জামায়াত নেতৃবৃন্দের প্রতি গভীর ধন্যবাদ ও অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি সংগৃহীত।

