স্ফুলিঙ্গ রিপোর্ট :
মুক্তিযুদ্ধকালীন যশোর জেলা বিএলএফ (BLF) প্রধান এবং প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শোকাবহ অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক শোকসভা কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ অগণিত সুধীজন অংশগ্রহণ করেন।
নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল লতিফ। শোকসভা কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে বক্তারা আলী হোসেন মনির বর্ণাঢ্য কর্মময় জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, “মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলোতে যশোর অঞ্চলে আলী হোসেন মনি যে নেতৃত্ব প্রদান করেছিলেন, তা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তাঁর অসীম দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মের জন্য সবসময়ই অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
শোকসভায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোজাহেরুল ইসলাম মন্টু, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবেশউদ্দিন, কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপংকর দাশ রতন, জয়তী সোসাইটির সভাপতি অর্চনা বিশ্বাস, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি জিল্লুর রহমান ভিটু এবং নাগরিক শোকসভা কমিটির সম্পাদক হারুন অর রশীদ। এছাড়া মরহুম আলী হোসেন মনির কন্যা ফারজানা আলী তাঁর বাবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আলী হোসেন মনির মতো একজন বীরের অবদান যশোরবাসীর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে বলেও শোকসভায় উল্লেখ করা হয়। ছবি সংগৃহীত।


