যবিপ্রবিতে ই-নথি ও দাপ্তরিক শিষ্টাচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

যবিপ্রবিতে ই-নথি ও দাপ্তরিক শিষ্টাচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন ও দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট” শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এই উচ্চপর্যায়ের কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইমরান খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে প্রশাসনিক গতিশীলতা, স্বচ্ছতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। এ ধরনের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও মানসিকতা উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আশা প্রকাশ করেন, আধুনিক দাপ্তরিক পদ্ধতি ও উন্নত প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ও প্রায়োগিক ধারণা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা দাপ্তরিক কাজে আরও বেশি দক্ষ, গতিশীল, স্বচ্ছ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবেন।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী। এছাড়া কর্মশালায় বিশেষ আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস. এম. শাহিন। কর্মশালার বিভিন্ন সেশনে আধুনিক অফিস ব্যবস্থাপনা, সরকারি ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, দাপ্তরিক শিষ্টাচার ও আচার-আচরণ এবং প্রশাসনিক উৎকর্ষ সাধনের নানা তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

যবিপ্রবি আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। অত্যন্ত তথ্যবহুল ও সময়োপযোগী এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় যবিপ্রবির বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও শাখার নবীন ও প্রবীণ কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে বিশেষ সনদপত্র বিতরণ করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *