মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান সভা বয়কটের সিদ্ধান্ত জেইউজের

মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান সভা বয়কটের সিদ্ধান্ত জেইউজের

প্রেস বিজ্ঞপ্তি

প্রেসক্লাব যশোরের নির্বাচন ও কমিটির মেয়াদ বৃদ্ধিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদের সময়সীমা শেষে একতরফাভাবে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যানের পাশাপাশি আগামী ৩ আগস্ট আহূত বিশেষ সাধারণ সভা সম্পূর্ণ বয়কটের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার জেইউজের এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তের পর সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ আগস্ট প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। গঠনতন্ত্রে বিশেষ পরিস্থিতিতে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও বর্তমানে দেশে কিংবা প্রেসক্লাবে এমন কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হয়নি যে কমিটির মেয়াদ বাড়াতে হবে। ৬ আগস্টের পর এই কমিটি বহাল রেখে পরিচালনা করা যেকোনো কার্যক্রম সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। জেইউজে নেতারা স্পষ্ট জানান, ৩ আগস্টের বিশেষ সাধারণ সভা মূলত মেয়াদের সময়সীমা দীর্ঘায়িত করার একটি অপকৌশল মাত্র, যা পেশাদার সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

বিবৃতিতে নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজনে গড়িমসি করা এবং যোগ্য লেখিয়ে সাংবাদিকদের নতুন সদস্যপদ না দেওয়ায় গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ে গঠনতান্ত্রিক নির্বাচনের দাবিতে আয়োজিত আন্দোলনকে সম্পূর্ণ যৌক্তিক আখ্যা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৬ আগস্টের পর সাধারণ সদস্যরাই ক্লাবের পরবর্তী ভাগ্য নির্ধারণ করবেন। নিয়ম-নীতির তোয়াক্কা না করে কোনো একতরফা পদক্ষেপ নেওয়া হলে তার যাবতীয় দায়ভার বর্তমান প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটিকেই বহন করতে হবে।

সংগঠনটির সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় উক্ত জরুরি সভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জেইউজের সিনিয়র সদস্য বেনজীন খান, আহসান কবীর, নূর ইসলাম, সরোয়ার হোসেন, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, শেখ আব্দুল্লাহ হুসাইন, এস এম সোহেলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *